স্ক্রল অধিগ্রহণ করলো টুইটার

৫ মে, ২০২১ ০০:৫৫  
টুইটারের সাবস্ক্রিপশন সেবার পরিকল্পনা ধীরে ধীরে সামনে আসছে। স্ক্রল অধিগ্রহণের মাধ্যমে বিষয়টি আরও জোরালো ভিত্তি পেলো। মঙ্গলবার এক টুইটে বিজ্ঞাপনবিহীন কনটেন্ট দেখার জন্য প্রকাশকদের সাথে অংশীদারিত্ব করা এই স্টার্টআপটি অধিগ্রহণের ঘোষণা দেয়া হয়। টুইটারের ভবিষ্যৎ সাবস্ক্রিপশন পরিকল্পনায় স্ক্রল আগ্রণী ভূমিকা পালন করতে পারে। সেবাটি কীভাবে কাজ করবে সেটি এখন বিস্তারিত জানায়নি টুইটার। তবে এর আগে নিউজলেটার প্লাটফর্ম রিভ্যু এর মাধ্যমে কিছুটা ইঙ্গিত দেয়া হয়। গত বছর রিভ্যু অধিগ্রহণ করেছিলো টুইটার। টুইটারের সাবস্ক্রিপশন পরিকল্পনা বাস্তবায়ন করতে স্ক্রলের যথেষ্ঠ সক্ষমতা রয়েছে। কারণ স্টার্টআপটির বর্তমানে ভক্স, রোলিং স্টোন, বাজফিডসহ বিভিন্ন প্রকাশনা এবং স্থানীয় পত্রিকার সাথে অংশীদারিত্ব রয়েছে। এক ব্লগ পোস্টে টুইটার জানিয়েছে, জনপ্রিয় সংবাদমাধ্যমগুলো থেকে সহজেই ও বিজ্ঞাপনমুক্ত খবর পড়া এবং রিভ্যুতে জনপ্রিয় লেখকদের নিউজলেটার পড়ার সুযোগ পাওয়া যাবে সাবস্ক্রিপশনের মাধ্যমে। আর সাবস্ক্রিপশন ফি’র একটি অংশ ঐসব প্রকাশনা ও লেখকরা পাবেন। ডিবিটেক/বিএমটি